মৌলভীবাজারে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিজয়ের পঞ্চাশ বছরের সুবর্ণজয়ন্তী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপন হয়েছে মৌলভীবাজারে।
বুধবার শহরে রাতের আকাশে বর্ণিল আতশবাজি, আকাশে ফানুস উড়ানো,সরকারি আধা সরকারি ভবনসহ বিভিন্ন স্থাপনায় লাল সবুজের চোখ ধাঁধানো আলোকসজ্জা, সুবর্ণজয়ন্তীর কর্মসূচী ঘিরে তৈরি হয় ভিন্ন এক মাত্রা। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শহরের আকাশে একের পর এক আতশবাজি আর ফানুস উড়ানো উপভোগ করেন শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।
বিগত বছরে করোনা মহামারীর কারনে বিভিন্ন উৎসবে ভাটা পড়ে। দীর্ঘ দিন পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সুবর্ণজয়ন্তীর উৎসব ঘিরে মানুষের মাঝে আনন্দের কোন কমতি ছিলনা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সারাদেশের মতো মৌলভীবাজারেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। ভোরে ৫০ বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয় কর্মসূচির।
শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের স্মরনে স্থানীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের নেতৃত্বে জেলা বিএনপি, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান এর নেতৃত্বে জেলা বিএনপির আরেকটি অংশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান সহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষর্থীরা।
সকাল ৮ ঘটিকায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন বাহিনী ও স্কুল কলেজের পাশাপাশি জেলা পুলিশের সুসজ্জিত প্যারেড দল অংশগ্রহণ করে। কুচকাওয়াজে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এর পর সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে নান্দনিক শারীরিক খসরত (ডিসপ্লে) পদর্শন করেন।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের পৌর জনমিলন কেন্দ্রে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার যৌথ আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ডার মোঃ জামাল উদ্দিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
এদিকে মৌলভীবাজার জেলা সদর ছাড়াও জেলার সবগুলো উপজেলায়ও বিজয়ের পঞ্চাশ বছরের সুবর্ণজয়ন্তীর উৎসব কর্মসূচী পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায়।
(একে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২১)
