বিএনপির কোন নেতাকে আ'লীগ হত্যা করেছে, প্রমাণ দেখাক : কৃষিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : আমরা (আওয়ামী লীগ) কোনো বিরোধী নেতাকে হত্যা করিনি উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির কোন নেতাকে আমরা হত্যা করেছি, প্রমাণ দেখাক। দেশকে ধর্মীয় রাষ্ট্র বানানোর চেষ্টাকারীদের আমরা যেভাবে মোকাবিলা করেছি তা বিশ্বে প্রশংসিত। তা করতে গিয়ে আমাদের অনেক কৌশল ব্যবহার করতে হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় এসব কথা বলেন মন্ত্রী।
আব্দুর রাজ্জাক বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। এবং সংবিধানের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করছি।
যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা অন্যায় এবং ভিত্তিহীন। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আমরা বিনীতভাবে অনুরোধ করি, আমরা কোনো হিউম্যান রাইটসকে ভায়োলেট করিনি। এখানে আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে এবং র্যাব দায়িত্বশীল ভূমিকা রেখেছে। ধর্মীয় জঙ্গিদের মোকাবিলা করার জন্য র্যাব যে সফলতা দেখিয়েছে তা বিশ্বের জন্য উদাহরণ। আপনারা যে পদক্ষেপ নিয়েছেন তাতে হয়তো বাংলাদেশের ক্ষতি হবে। একটা দেশ এগিয়ে যাচ্ছে, আপনারা তাদের পা টেনে ধরছেন। আপনার এটিকে রিভিউ করে দ্রুত উঠিয়ে নেন।
আব্দুর রাজ্জাক বলেন, ১০০টি ইকোনোমিক জোনে শিল্প-কারখানা করার জন্য পানি-বিদ্যুৎ সব কিছুই থাকবে। শুধু একজন এসে শিল্প-কারখানা গড়বেন। আমাদের লাখ লাখ ছেলে-মেয়েরা বেকার। তাদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। যদি শিল্পায়ন করতে না পারি তাহলে চাকরি হবে না। কাজেই এ সরকারের লক্ষ্য হলো শিল্পায়ন করে আমাদের লাখ লাখ বেকার ছেলে-মেয়েদের চাকরির কর্মসংস্থান করা। তাদের আয় বাড়ানো ও জীবনযাত্রার মান উন্নত করা। এ লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক, সংসদ সদস্য এম.এস ফরিদা খানম, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আহ্বায়ক ড. মো. ফজলে আলী প্রমুখ।
(ওএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২১)
