স্পোর্টস ডেস্ক : এরই মধ্যে চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব থেকে বিদায় ঘটেছে, নেমে যেতে হয়েছে উয়েফা ইউরোপা লিগে। ঘরোয়া টুর্নামেন্ট স্প্যানিশ লা লিগায়ও অবস্থান পয়েন্ট টেবিলের আট নম্বরে। অথচ দুই মৌসুম আগেও পরপর দুই বছর লা লিগার শিরোপা জিতেছিল বার্সেলোনা।

সেখান থেকে এখন ইউরোপা লিগে নেমে যাওয়া ও লা লিগায় সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কাতালান ক্লাবটির জন্য। যা জানেন দলের নতুন কোচ জাভি হার্নান্দেজও। তাই বাস্তবতা মেনে নিয়ে সেরা চারে থাকাকেই লক্ষ্য বানিয়েছেন তিনি।

লিগের ১৬ ম্যাচ শেষে বার্সেলোনার মাত্র ২৪ পয়েন্ট। ছয়টি করে জয় ও ড্রয়ের সঙ্গে চারটি ম্যাচ হেরেছে তারা। লিগের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ঝুলিতে রয়েছে ৪২ পয়েন্ট। আর চারে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২৯ পয়েন্ট। এক নম্বরের সঙ্গে ১৮ পয়েন্টের পার্থক্য হলেও, চার নম্বরের সঙ্গে ব্যবধানটা ৫ পয়েন্টের।

শনিবার রাতে ১৭তম রাউন্ডের ম্যাচে এলচের মুখোমুখি হবে কাতালানরা। এই ম্যাচের আগে বার্সা কোচ বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো সেরা চারে থাকা এবং শিরোপা জেতা। কোনো সম্ভাবনাই বাতিল করে দেওয়া যাবে না।’

জাভি আরও বলেন, ‘আমরা টেবিল টপারদের চেয়ে অনেক পিছিয়ে আছি। তবে দলের ওপর পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে আমার। এখন ফল আসছে না আমাদের। তবে আমি আত্মবিশ্বাসী। অনুভূতি ভালো এবং ইতিবাচক, যদিও ফলাফল তা নয়। আগামীকাল (বুধবার) আরেকটি কঠিন পরীক্ষা।’

(ওএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২১)