স্টাফ রিপোর্টার : এইচএসসি ও সমমানের মানবিক বিভাগের পরীক্ষায় ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বহিষ্কার করা হয় চারজন শিক্ষকসহ ১০ শিক্ষার্থীকে। রবিবার (১৯ ডিসেম্বর) সকাল-বিকেল মিলিয়ে নয়টি সাধারণ ও মাদরাসা বোর্ডের পরীক্ষা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্রের পরীক্ষায় সকালে নয়টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৯৮ জন। এর মধ্যে বরিশাল বোর্ডে আটজন, যশোরে এক এবং কুমিল্লা বোর্ডের চারজন কেন্দ্র পরিদর্শককে বহিষ্কার করা হয়। আর বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল পাঁচ হাজার ১৩৯ জন। তবে এসময় কাউকে বহিষ্কার করা হয়নি।

অন্যদিকে একইদিন মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা ও মানতিক, রসায়ন দ্বিতীয়পত্র ও তাজবিহ দ্বিতীয়পত্রের পরীক্ষা হয়। এ বোর্ডর অধীনে সারাদেশে সাত হাজার ৩৪৫ জন অনুপস্থিত ছিল। আর অসাধুপন্থা অবলম্বন করায় নোয়াখালীতে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সাধারণত প্রতিবছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে এ বছর করোনা মহামারির কারণে পরীক্ষা শুরু হয়েছে ২ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০২১)