রাজনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন ও টেংরাবাজার ইউনিয়নে।
রবিবার (১৯ ডিসেম্বর) উপজেলার মনসুরনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী ও টেংরাবাজার ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ওই দুটি ইউনিয়নের নির্বাচনের দ্বায়িত্বে থাকা ভ্রাম্যমান আদালত ।
বিকাল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার এর নেতৃত্বে রাজনগর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মনসুরনগর ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে টেংরাবাজার ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও অটোরিকশা, মোটরসাইকেল,ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ চার চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে দুটি ইউনিয়নে ৬ চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার জানান,দেয়ালে পোষ্টার লাগানো ও বিশাল আকারের পেন্ডাল তৈরিসহ বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা করা হয়েছে।
(একে/এসপি/ডিসেম্বর ১৯, ২০২১)
