কলাপাড়ায় পাঁচ মণ ওজনের শাপলাপাতা মাছ প্রকাশ্যে কেটে বিক্রি, ক্রেতাকে জরিমানা
কলাপাড়া প্রতিনিধি : প্রকাশ্যে মাইকিং করে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মাছ বাজারে পাঁচ মন ওজনের ষ্ট্রিংরে মাছ (শাপলাপাতা) কেটে বিক্রি করার সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে কাটা মাছ জব্দ করেছে।
মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে এ অভিযানে এক ক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিষিদ্ধ এ মাছ বিক্রির সাথে জড়িতরা পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, বন্যপ্রানী সংরক্ষণ আইনে ষ্ট্রিং রে বা শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। তাই মাছ ক্রয়ের অভিযোগে মনির মুসুল্লীকে বাংলাদেশ বন্যপ্রানী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪(খ) লঙ্ঘনে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কেটে টুকরো করা ষ্টিংরে জব্দ করে বন কর্মকর্তার জিন্মায় দেয়া হয়েছে ধ্বংসের জন্য।
কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম জানান, জব্দ করা মাছ ধ্বংস করে মাটি চাপা দেয়া হয়েছে। এ ষ্ট্রিংরে বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এমকে/এসপি/ডিসেম্বর ২১, ২০২১)
