মাকে গলাকেটে হত্যার এক বছর আট মাস পর ছেলে গ্রেফতার
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নিজের মাকে গলাকেটে হত্যার এক বছর আট মাস পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন নাহিদ ইমরান নিয়ন (৩৬) নামে এক যুবক। বুধবার (২২ ডিসেম্বর) রাতে গাজীপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে নিয়নকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মামলার বরাদ দিয়ে ডিবির ওসি বলেন, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মুজিব সড়কের নিজ বাড়ী থেকে রাশিদা খানম (৬৫) নামে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। এরপর থেকেই নাহিদ ইমরান নিয়ন পলাতক ছিলেন। এদিকে এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাসির ইমরান নিশাদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের ১২ জুলাই মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
(আিই/এসপি/ডিসেম্বর ২৩, ২০২১)
