উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী
স্টাফ রিপোর্টার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব এলাকার নাগরিক সুবিধা সমানভাবে বৃদ্ধি করে চলেছেন।
তিনি বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে বড়লেখা পৌরসভায় শুধু পানি সরবরাহের লাইনের জন্যই ২২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় বড়লেখা পৌরসভাকে পর্যায়ক্রমে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করার কথা জানান মন্ত্রী।
শনিবার (৮ জানুয়ারি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বড়লেখা পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে এ প্রকল্প নেওয়া হয়েছে।
পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গরু, ছাগল এবং নগদ অর্থ প্রদান সহ বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে।
জনগণের সক্রিয় অংশগ্রহণে সব শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন সফল হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারী শিক্ষা একাডেমির অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন প্রমুখ।
এরপর মন্ত্রী নারী শিক্ষা একাডেমির নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন করেন।
(ওএস/এসপি/জানুয়ারি ০৮, ২০২২)
