সালথার সোনাপুরে হালি পেঁয়াজে ফের বিষ দেওয়ার অভিযোগ বীর মুক্তিযোদ্ধার
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিষ প্রয়োগ করে বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিন এর হালি পেঁয়াজ ফের নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের জোগাড়দিয়া গ্রামে এঘটনা ঘটে। এতে ৩/৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের। শনিবার সরেজমিনে গিয়া ঘটনার সত্যতা পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিন বলেন, শত্রুতাই করে দুষ্কৃতিকারীরা প্রথমে আমার ৬৩ শতাংশ জমির লাগানো হালি পেঁয়াজ রাতের আধারে পচনশীল ঔষধ দিয়ে নষ্ট করে দিয়েছে। পরে দেখলাম আরো কিছু জমিতে পঁচনশীল ঔষধ দিয়েছে। এর আগেও আমার ১৫ কেজি পেঁয়াজের দানার চারা বিষ দিয়ে নষ্ট করে দেয়। এতে আমার প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে থানায় একটি অভিযোগ করেছি।
সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিন এর জমি আমি পরিদর্শন করেছি। একটা জমির পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আরেকটি জমির পেঁয়াজ অর্ধেক নষ্ট হয়েছে। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বাকি জমিগুলো ঠিক হতে পারে।
উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, খবর পাওয়া মাত্র লোক ঘটনাস্থল পরিদর্শন করেছি। পেঁয়াজের চারায় পচন জাতীয় ঔষধ প্রয়োগ করেছে বলে ধারনা করা হচ্ছে। যার জন্য কিছু জমির হালি পেঁয়াজ ধীরে ধীরে পচঁন ধরে মারা গেছে। আর কয়েক বিঘা জমিতে পঁচন রোধক প্রয়োগ করলে ঠিক হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।
(এন/এসপি/জানুয়ারি ১৫, ২০২২)
