শ্রীমঙ্গলে বিষপানে যুবকের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিষপান করে জীবন বিসর্জন দিয়ে নিষ্ফল প্রেমের বলি হয়েছে জুনেদ রহমান নামের এক কলেজ ছাত্র।
এঘটনায় দিনভর নানা গুঞ্জন চোখে পড়ে সোস্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে। ঘটনার পর থেকে গোটা শ্রীমঙ্গল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শহরের সুরভীপাড়া এলাকার সামসু মিয়ার পুত্র অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুনেদ রহমানের সাথে উপজেলার মোহাজেরাবাদ গ্রামের হামিদ উল্লার কলেজ পড়ুয়া মেয়ের সাথে ৪ বছর যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। তবে সম্পর্কের বিষয়টি ওই মেয়ের পরিবার মেনে নেয়নি। গত কয়েকদিন আগে পারিবারিক ভাবে জুনেদের বিয়ের কথা বার্তা চলছিল-এমন খবর পেয়ে মেয়েটি জুনেদকে জানিয়ে দেয় অন্যত্র বিয়ে করলে সে বিষপানে আত্মহত্যা করবে। এ নিয়ে জুনেদ দিশেহারা হয়ে পড়ে। অন্যদিকে, মেয়েটির পরিবারও তাকে মেনে নিতে রাজী নয়।
নিহত জুনেদের রাজনৈতিক সহকর্মী ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া জানান,ঘটনাটি জানার পর থেকে মৃতদেহ ময়না তদন্ত পর্যন্ত সেখানে ছিলাম। আমার জানামতে বিষপানেই জুনেদের মৃত্যু হয়েছে।
জুনেদের বন্ধুরা জানায়, জুনেদকে মেয়েটি তার মাকে রাজি করাতে তাদের বাসায় যাবার জন্য বলেছিল। এজন্য শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল আড়াইটার দিকে জুনেদ, তাদের সাথে নিয়ে মেয়েটির বাড়ি যায়। এসময় তাদের বাড়ির বাহিরে রেখে জুনেদ বাড়ির ভেতর প্রবেশ করে। জুনেদ ভেতরে গিয়ে মেয়েটির মা’য়ের পা ধরে কাকুতি মিনতি করে তাদের সম্পর্ক মেনে নিতে বলে। এতে মেয়টির মা কর্ণপাত না করে আরো ক্ষুব্ধ হয়ে উঠেন। মেয়েটির মা জুনেদকে বলে তার মেয়েকে সত্যিকারের ভালবাসে কিনা তা প্রমাণ দিতে। কি করতে হবে- জুনেদ জানতে চাইলে মেয়েটির মা তাকে বিষ পান করার আহবান জানায়।
এতে জুনেদ ভালোবাসার মানুষকে পেতে তীব্র আবেগের বসে বাড়িতে রাখা কীটনাশক পান করেন। এতে বিষক্রিয়া শুরু হলে জুনেদ দৌঁড়ে বাহিরে এসে ঘটনা জানায়। এরপর তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে- সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে সিলেটের আল-রায়হান হাসপাতালে ভর্তি করানো হয়।
শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুনেদ মারা যায় বলে বন্ধুরা জানায়। দুপুরে লাশ শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হলে শত শত মানুষ সেখানে ভীড় করে। আত্মীয় স্বজন ও বন্ধুদের আহাজারিতে পুরো থানা চত্বরের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত জুনেদ রহমান শ্রীমঙ্গল সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে শনিবার বিকালে যোগাযোগ করা হলে- জুনেদের প্রেমিকা সাংবাদিকদের জানায়, ঘটনার দিন বিকেলে জুনেদ আমাদের বাসায় এসে দীর্ঘসময় মায়ের পা ধরে কান্নাকাটি করে। এসময় সে আমাদের সম্পর্ক মেনে নিতে মা’কে অনুরোধ করে। কিন্তু আমার মা তাকে জানায় তার বাবা মা যেখানে বিয়ে ঠিক করেছে সেখানেই বিয়ে করতে। এতে মা রাজি না হলে সে চলে যায়। তবে বিষপানে আত্মহত্যার খবরটি তারা আজ জেনেছেন।
মেয়েটির মা বলেন, জুনেদ তাদের বাড়ি আসার সময়, বাড়িতে পুরুষ মানুষ ছিল না। এ ঘটনায় আমরা থানায় একটি জিডিও করেছি।
এদিকে বিকালে- জুনেদের পরিবার পক্ষে জুনেদের প্রেমিকা, তার বাবা ও মা’কে অভিযুক্ত করে একটি অভিযোগ নিয়ে থানায় আসার খবর পাওয়া গেছে।
শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন বলেন, বিষপান করে তাঁর মৃত্যু হয়েছে সেটা জেনেছি তবে ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।তদন্ত সাপেক্ষেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
(একে/এএস/জানুয়ারি ২৯, ২০২২)
