কৃষকদের জেল জরিমানা
বোয়ালমারীতে দুইটি ভেকু পুড়িয়ে দিলেন ইউএনও
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ভেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম দুইটি ভেকু (এক্সক্যাভেটর) আগুন দিয়ে পুড়িয়ে দেন। একই সময় মাটি পরিবহনে ব্যবহৃত তেলজুড়ী গ্রামের কাজী মহিদুল ইসলামের টলিসহ তিনটি টলি ভাংচুর করা হয়। একই কাজে জড়িত থাকার অপরাধে জমির মালিক নুরুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর জমির মালিক বিলাস শেখকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে।
ফসলি জমি থেকে ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে মাটি কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামের নুরুল আলম শেখ ও রুপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামের বিলাস শেখের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু দুটি পুড়িয়ে দেন। এ সময় জমির মালিক নুরুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বিলাশ শেখকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ ঘটনার পর আগুনে ভেকু পুড়িয়ে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের বিরুদ্ধে ফরিদপুর জেলা প্রশাসকের নিকটসহ সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করছেন ক্ষতিগ্রস্থ কাজী মহিদুল ইসলাম। অপর ভেকুটির মালিক চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের আব্দুল করিম জানান, আমার ভেকুটি কোন সরকারি জমি কিংবা ফসলি জমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত হচ্ছিল না। একটি মজা পুকুর সংস্কার করে আরেকটি গর্ত ভরাট করা হচ্ছিল। ইউএনও স্যার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ভেকুটি পুড়িয়ে দেন। ভেকুটি পুড়িয়ে দেয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি।
এ বিষয়ে জানতে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বেশ কিছুদিন যাবত উপজেলার বিভিন্নস্থানে মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আমরা তারই অংশ হিসেবে ওইখানে যাই। সেখানে গিয়ে ভেকু ও ট্রলি জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয়েছে। এছাড়া জমির মালিক নুরুল শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।
চতুল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও কৃষক নেতা এব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং জানতে চান এক্সক্যাভেটর (ভেকু) যন্ত্রটি অবৈধ কি না? তিনি একটি বৈধ যন্ত্র জ্বালিয়ে দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ইউএনওর বিরুদ্ধে আদালতে যাবার হুমকি দিয়েছেন।
(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২২)
