বগুড়ায় প্রেমের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রেম নিয়ে বিরোধের জেরে এডওয়ার্ড পৌরপার্কে মিরাজ হোসেন (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর পার্কের জগিং সেন্টার চত্বরে খুনের ঘটনাটি ঘটে।
ছুরিকাঘাতে নিহত মিরাজ হোসেন বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়ার আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশা মেকানিক।
জানা যায়, বগুড়া শহরের বাদুড়তলা এলাকার এক মেয়ের সঙ্গে মিরাজের প্রেমের সস্পর্ক ছিল। যে সম্পর্ক কিছুদিন পূর্বে ছিন্ন হয়। এরপর উক্ত মেয়ে গাবতলীর এক যুবকের সঙ্গে নতুন সস্পর্ক স্থাপন করে। এনিয়ে মিরাজের সঙ্গে তার সাবেক প্রেমিকা এবং গাবতলীর যুবকের বিরোধ চলছিল। গাবতলীর ঐ যুবক মাঝে মধ্যেই মিরাজকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছিল। প্রেমের বিষয়টি নিয়ে একেঅপরকে দেখে নেওয়ার হুমকিও দিয়ে আসছিল।
মিরাজ গাবতলীর ওই যু্বককে মঙ্গলবার বিকেলে পৌর পার্কে আসতে বলে। এরপর গাবতলী থেকে ওই যুবক কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে আসে। মিরাজও তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে পৌর পার্কে যায়। সেখানে উভয়ের সাথে সাক্ষাৎ হলে একপর্যায়ে মারামারি শুরু হয়। গাবতলী থেকে আসা কয়েকজন যুবক মিরাজের পেটে ও পাঁজরে ছুরিকাঘাত করে। এসময় মিরাজকে উদ্ধার করতে গিয়ে তার বন্ধু নাজমুল আহত হন। পরে নাজমুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মিরাজকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান জানান, প্রেমঘটিত বিষয়ে মিরাজকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানাগেছে। মিরাজের বন্ধু নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
(আর/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২২)
