ঝাউডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিনিয়র সিটিজেন নিহত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হায়দার আলী নামের একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝাউডাঙ্গা বাজারের একটি টেইলার্সের মালিক ও হাজীপুর গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ঝাউডাঙ্গা এলাকার আবু হায়দার জানান,হায়দার দর্জি মাগরিবের নামাজ পড়ার জন্য রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষ্ট করে। ঘটনাস্থলে মারা যান হায়দার দর্জি। স্থানীয়রা ট্রাকটি আটকে পুলিশকে খবর দেয় বলে জানান আবু হায়দার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি জব্দ করে। যার নং-ঝিনাইদহা-চ-১১-০৫৫৭। নিহতের পরিবার মামলা দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি।
তবে নিহতের ছেলে লিটন রহমান জানান, আমরা থানায় মামলা দেবনা। মরদেহ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি চলছে বলে জানান লিটন।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২২)
