মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের সীমান্তবর্তী বড়লেখা উপজেলার রতুলী বাজারে ভোজ্যতেল মজুদ রেখে কৃত্রিম সংকট দেখিয়ে ও অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলক্ষ ৩৭ হাজার জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বড়লেখা উপজেলার রতুলী বাজারসহ আশপাশের বাজার গুলোতে ভোজ্য তেল ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চতকরণ ও তেলের কৃত্রিম সংকট নিরসনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অধিদপ্তর অভিযানে নামে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত দামে তেল বিক্রয় করা,তেল মজুদ রেখে তেলের কৃত্রিম সংকট তৈরি,পাইকারি ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচার প্রদান না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পাইকারী ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের কাছে ভোজ্য তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রতুলী বাজারে অবস্থিত কাওসার ভেরাইটিজ ষ্টোরকে ২০ হাজার টাকা, জননী ষ্টোরকে ২০ হাজার টাকা, মৌলভীবাজার সড়কে অবস্থিত ভাই ভাই ষ্টোরকে ২ হাজার টাকা, উত্তর বাজারে অবস্থিত হক ব্রাদার্সকে ৫০ হাজার টাকা, মেসার্স মুজিব এন্ড ব্রাদার্সকে ৪৫ হাজার টাকা জরিমানাসহ মোট পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, ভোজ্যতেলের বাাজারে অস্থিরতা নিরসনে মাঠে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনি আরও জানান,ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ীদের মুল্য তালিকা প্রদর্শন পূর্বক ক্রয় ভাউচার সংগ্রহ করে খুচরা ব্যাবসায়ীদের ন্যায্য মুল্যে তেল সরবরাহের পাশাপাশি পাকা ক্রয় ভাউচার প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে ব্যবসায়ীদের।

(একে/এসপি/মার্চ ০৮, ২০২২)