নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে তাঁতীদলের বিক্ষোভ
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দেশব্যাপী তেলসহ নিত্য পণ্য’র অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দল শহরে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য আব্দুল হক এর নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেন দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনা, সমশেরনগর সড়কে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বাবলু আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর জাহানারা বেগম সহ দলটির অংঙ্গ সংগঠনের নেতারা।
সমাবেশে তেলসহ নিত্য পণ্য’র অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা দ্রুত সমাধানের দাবি জানান দলটির নেতারা।
(একে/এসপি/মার্চ ১৫, ২০২২)
