গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকনুজামাল চপল (৩২) নামে এক মাছচাষীর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোকনুজামাল চপল ওই গ্রামের নাজিম উদ্দিন খান এর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম। জানা যায়, রোজনুজ্জামান চপল একজন মাছচাষী ছিলেন। বাড়ির পাশে পুকুরে তিনি মাছ চাষ করতেন। এর মাঝে একটি পুকুরের পানি সেঁচে মাছ বিক্রি করার জন্য গতকাল বুধবার (১৬ মার্চ) বিকালে পুকুরে বৈদ্যুতিক মোটর লাগান রোকনুজ্জামান।

সকালের দিকে পুকুরে গিয়ে দেখতে পান আবার পানি জমেছে। এই পানি সেচতে আবার মোটর চালু করতে চান তিনি। এসময় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে রোকনুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। পরে মৃত অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

(এস/এসপি/মার্চ ১৭, ২০২২)