‘বিএনপি'র সময় সার চাইতে গিয়ে কৃষকরা জীবন দিয়েছেন’
গোপালগঞ্জ প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি সরকারের সময় সারের তীব্র সংকট ছিলো। সার চাইতে গিয়ে এদেশের কৃষকরা জীবন দিয়েছেন। ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। তাই ৯৬ সালে এই বুলেটের জবাব এদেশের কৃষক ও মেহনতী মানুষ ব্যালটের মাধ্যমে দিয়েছেন। তারা ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ৫ বছরেই কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন।
সোমবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও মুজিববর্ষের সমাপনী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫ম দিনে বাংলাদেশ কৃষক লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ ২১ বছর পাক বাহিনী ও তার দোসররা বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। কৃষির যে উন্নয়ন বঙ্গবন্ধু সূচনা করেছিলেন তা অনেকটা স্তব্ধ হয়ে যায়। আবার পিছনের দিকে হাঁটতে থাকে। তাই কৃষিক্ষেত্রে আবার বঞ্চনা শুরু হয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে কৃষির উন্নয়নে আবার অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন।
কৃষিবীদ ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কৃষি উন্নয়নের জন্য বহু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু বলেছিলেন আগামী দিনে যত উন্নয়ন কর্মকাণ্ড হবে তার বেশি অংশ জুড়ে থাকবে কৃষি। বাংলাদেশের প্রথম বাজেটের ৮'শ কোটি টাকার মধ্যে ১'শ কোটি টাকা জাতির পিতা কৃষির উন্নয়নে বরাদ্দ করেছিলেন। তিনি (বঙ্গবন্ধু) বলেছিলেন ভবিষ্যতেও কৃষির ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।
বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে কৃষি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর তরুণ বয়সে কলকাতা থেকে একজন একটি শাল চাদর দিয়েছিল। সেই শাল পড়ে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় সকালে বেড়াতে বেরিয়েছেন। তখন বঙ্গবন্ধু দেখতে পান একটি গরিব লোক শীতে কাঁপছেন। বঙ্গবন্ধু তার কষ্ট সহ্য করতে না পেরে গায়ের চাদরটি তার গায়ে দিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু বাড়ি ফিরে আসলে তার মা জিজ্ঞাসা করছে বাবা তোমার চাদরটা কই! তখন বঙ্গবন্ধু বলল মা দেখলাম একজন গরীব মানুষ শীতে কষ্ট পাচ্ছে। তাই তাকে চাদরটি আমি দিয়ে দিয়েছি। মা কাজটা ভাল করি নাই? তখন বঙ্গবন্ধুর পিতা বলেছিলেন বাবা তুমি খুব ভালো কাজ করেছো। এই ছিল বঙ্গবন্ধু, এই ছিল দুঃখী মানুষের প্রতি তার মায়া-মমতা ও দরদ। তিনি ছিলেন সত্যিকারের মানবতার দরদী।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি শামীমা আক্তার, সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন আলমগীর, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মিলন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
(টিকে/এএস/মার্চ ২১, ২০২২)
