স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ জিতিয়েই দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। পরিবারের বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে আগেই দেশে ফিরতে চেয়েছিলেন সাকিব। তবে, তিনি নিজেই সিদ্ধান্ত পরিবর্তন করে তৃতীয় ওয়ানডে খেলে আসার ঘোষণা দেন।

টেস্ট সিরিজ না খেলে সাকিবের চলে আসায় বাংলাদেশ দলে কী প্রভাব পড়বে। সাকিবের অনুপস্থিতি অনুভুত হবে কি না কিংবা বাংলাদেশ দলকে ডিফেন্সিভ করে দেবে কি না? জানতে চাইলে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিব না থাকলে কম্বিনেশনে বড় সমস্যা হয়, এটা সত্যি। সাকিবকে খুব প্রয়োজন ছিল। দুর্ভাগ্যবশত পারিবারিক সংকটের কারণে দেশে ফিরতে হয়েছে। তারপরও, আমরা নিউজিল্যান্ডে সাকিবকে ছাড়াই খেলেছি।’

টেস্টে বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বলে জানান সুজন। তিনি বলেন, ‘টেস্টে আমরা অ্যাটাকিং ক্রিকেটই খেলব। আগ্রাসী থাকব, তবে ডিফেন্সিভ থাকাও গুরুত্বপূর্ণ। ডিফেন্সটাও ঠিক রাখতে হবে। নিজের দুর্গ ঠিক রেখে শত্রুকে আক্রমণ করতে হবে।’

দলের কম্বিনেশন নিয়ে সুজন বলেন, ‘এখনও কম্বিনেশন ঠিক করিনি। মাউন্ট মঙ্গানুই টেস্টের ভাবনা তো আছেই। সাথে আরেকজন বোলার যুক্ত করা যায় কি না সেই ভাবনাও আছে। হয়তো ব্যাটিং একটু দুর্বল হবে। যে কোনো টেস্ট দলের প্রথম ব্যাটারদের গড় ৪০ এরও বেশি। আমাদের যখন এরকম হবে তখন হয়ত এই সাহসগুলো আরও বেশি দেখাতে পারব। এখন হয়ত একটু কঠিন হবে। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব। তবে আমি মনে করি, আমাদের পেসাররা যেভাবে বল করছে, ৩ পেসার ও এক স্পিনার নিয়ে আমরা ভালো করতে পারব।’

(ওএস/এএস/মার্চ ২৭, ২০২২)