শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে পাশে আছে ছাত্রলীগ : জয়
স্টাফ রিপোর্টার : জ্ঞান চর্চার পাশাপাশি দেশের শিক্ষার্থীদের প্রত্যেকটি যৌক্তিক দাবি দাওয়া পূরণে ছাত্রলীগ সবসময় পাশে আছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয়।
শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আল নাহিয়ান খান জয় বলেন, করোনাকালীন সত্যিকার অর্থে যে সংগঠন শিক্ষার্থীদের পাশে থেকেছে সেটি হলো ছাত্রলীগ। ভবিষ্যতেও যৌক্তিক দাবি দাওয়া পূরণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে পাশে পাবে।
তিনি বলেন, বইয়ের সঙ্গে যেন শিক্ষার্থীদের সম্পর্ক থাকে সেজন্য এ ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি।
বিজ্ঞান সেলের পক্ষে কার্যক্রমটি সমন্বয় করেছেন বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক খন্দকার হাবীব আহসান।
তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের এই বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আয়োজনে ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের অনলাইন ও অফলাইন অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় ক গ্রুপে, প্রথম হয়েছেন আবু সায়েম সরকার, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় হয়েছেন ফাতেমা তুজ জোহরা, বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট হাই-স্কুল, তৃতীয় হয়েছেন মো. সাঈদ আল ইমরান, রেসিডেনশিয়াল মডেল কলেজ।
খ গ্রুপে প্রথম হয়েছেন রাজন হোসাইন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় হয়েছেন মো রিসালাত মিয়া, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় হয়েছেন মেহেদী হাসান শাকিল, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উপহার দেওয়া বইগুলোর মধ্যে রয়েছে- শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, ওরা টোকাই কেন, সাদা কালো, নির্বাচিত প্রবন্ধ, হুমায়ুন আজাদের লেখা - রাজনৈতিক প্রবন্ধসমগ্র, শ্রেষ্ঠ কবিতা ও খন্দকার হাবীব আহসানের লেখা ইতিহাস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তোমা সিকদার, বিজ্ঞান সম্পাদক সাদুন মোস্তফা, বিজ্ঞান বিষয়ক উপ সম্পাদক মাহফুজুর রহমানসহ নেতারা উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০২২)
