‘আদর্শিক রাজনীতি এখন নির্বাসিত’
স্টাফ রিপোর্টার : আদর্শিক রাজনীতি এখন নির্বাসিত মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি বলেন, বর্তমান প্রজন্মের দুর্ভাগ্য রাজনীতির জগতে তাদের এখন কোনো রোল মডেল নেই। নতুন প্রজন্মের রাজনীতি বিমুখতা রাষ্ট্র ও সমাজের জন্য শুভ নয়।
সোমবার (২৫ এপ্রিল) গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নীলফামারী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ন্যাপ চেয়ারম্যান বলেন, দেশবাসীর কল্যাণে চিন্তা করার সময় নেই রাজনীতিকদের ক্ষমতার মসনদে পৌঁছার দৌড়ে। তার মধ্যে আমাদের নেতানেত্রীরা যেভাবে নিজেদের উন্মোচিত করছেন নতুন প্রজন্মের সামনে তাতে এই ভবিষ্যতের কাণ্ডারিরা কী শিক্ষা পাবে তা ভেবে শঙ্কিত জাতি।
তিনি বলেন, রাজনীতি অনেকদিন ধরেই রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাজনীতি এখন ব্যবসায়ী, মাস্তান, চাঁদাবাজ আর দুর্বৃত্তদের দখলে। রাজনীতিকে পরিচ্ছন্ন করার বদলে আমরা পরিত্যক্ত করে ফেলেছি। অথচ আমাদের স্বাধীনতা, অগ্রগতি, উন্নতি সবটাই এসেছে রাজনীতির হাত ধরে, রাজনীতিবিদদের নেতৃত্বে।
জেবেল গনি বলেন, শুরুতে যে রাজনীতি বিমুখতা, সে ভয়ংকর প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। নীতিনির্ধারণের দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদেরই। তাই আমাদের সবাইকে মিলে রাজনীতিকে দুর্বৃত্তমুক্ত করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। রাজনীতিকে দূরে ঠেলে দেওয়া যাবে না, দুর্বৃত্তদের কাছে লিজ দেওয়া যাবে না। কারণ রাজনীতিই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে, রাজনীতিই আমাদের শেষ ভরসা।
এসময় আরও উপস্থিত ছিলেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মশিউর রহমান গানি, নীলফামারী জেলা নেতা আবদুর রহমান, আবদুল মান্নান মাস্টার প্রমুখ।
(ওএস/এসপি/এপ্রিল ২৫, ২০২২)
