গোপালগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদের মারধর ও বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিএনপি নেতা আবুল বশার বাচ্চুর বিরুদ্ধে মহিলাদেরকে মারধর ও বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভূক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বিএনপি নেতা আবুল বশার বাচ্চু উপজেলার চিতশী গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে ও কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিএনপি নেতা আবুল বশার বাচ্চুর সাথে একই গ্রামের একরাম মুন্সীর বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ঘটনার রবিবার গভীর রাতে আবুল বশার বাচ্চু লোকজন নিয়ে একরাম মুন্সীর বাড়ী ঘরে হামলা চালায়। এ সময় বাড়ীর মহিলারা বাধা দিতে আসলে আবুল বশার বাচ্চু ও তার লোকজন মহিলাদেরকে মারধর এবং বাড়ি ঘর ভাংচুর করে।
এই মারধরে একরাম মুন্সীর পুত্রবধূ নাদিরা বেগম (২৫) সহ ৩ মহিলা আহত হয়। গুরুতর আহত নাদিরা বেগমকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় নাদিরা বেগম বলেন, এলাকায় রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আমার শশুর একরাম মুন্সীর সাথে বিএনপি নেতা আবুল বশার বাচ্চুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন জীবিকার প্রয়োজনে আমার শশুর ও তার ছেলেরা বাড়ী না থাকার সুযোগে আবুল বশার বাচ্চু লোকজন নিয়ে আমাদের মারধর করে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
বিএনপি নেতা আবুল বশার বাচ্চু বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ পুরোপুরি সত্য নয়। তাদের সাথে আমার বিরোধ আছে। এই বিরোধকে কেন্দ্র সামন্যা অপ্রীতিকর ঘটনা ঘটেছে মাত্র। এখন তারা তিলকে তাল বানাচ্ছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় নাদিরা বেগম বাদী হয়ে আবুল বশার বাচ্চুসহ ১৪ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিকেবি/এএস/মে ৩০, ২০২২)
