গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সোলাইমান জাহাঙ্গীর (৭৫) মঙ্গলবার রাত সাড়ে ৯ টায়  খুলনা সিটি হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।

বুধবার সকালে টুঙ্গিপাড়া পৌর ঈদগাহ ময়দানে জানাজা শেষে তার শ্বশুরবাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের শিকদারবাড়ী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশের একটি চৌকস দলের পক্ষ থেকে অব অনার প্রদান করা হয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, থানার পরিদর্শক মুহাম্মদ আবুল মনসুর, পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান জাহাঙ্গীর গত ২৪ মে ব্রেইন স্ট্রোক করে খুলনা সিটি হাসপাতালে ভর্তি হন। পরে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

(টিকেবি/এএস/ জুন ০১, ২০২২)