পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকায় সিলেটগামী চলন্ত আঃন্তনগর পারাবত ট্রেনের তিনটি বগিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনে আগুন লাগার সময় ট্রেনে থাকা এক যাত্রী টিটিকে জানালে টিটি আগুন লাগার বিষয়টি চালককে জানালে তখন চালক তাৎক্ষণিক ট্রেনটি থামিয়ে দেন। এঘটনায় বর্তমানে ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে জানা যায়,ট্রেনটির এসিরুম থেকে আগুন লেগেছে।
শনিবার (১১ জুন) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনে আগুন লাগার ঘটনার ছবি ও ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ট্রেনটির তিনটি বগিতে দাউদাউ করে আগুন জ্বলছে। কীভাবে আগুন লাগার সূত্রপাত প্রাথমিকভাবে তা জানা যায়নি। ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর তাৎক্ষণিক আশপাশের এলাকার লোকজন বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছেন। তবে আগুন লাগার আধাঘন্টার মধ্যেই ওই এলাকায় পৌঁছে কমলগঞ্জ,শ্রীমঙ্গল কুলাউড়া মিলে ফায়ার সাভিসের মোট তিনটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিস মৌলভীবাজার এর স্টেশন অফিসার যীশু তালুকদার জানান,বর্তমানে আগুন লাগা তিনটি বগি বিচ্ছিন্ন করা হয়েছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আগুনও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে,আমরাও ইতিমধ্যে রওয়ানা হয়েছি।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশনমাস্টার মো. রফিক বলেন, শ্রীমঙ্গলে স্টেশন ছেড়ে যাবার পর শমসেরনগর বিমানবন্দর এলাকার পারাপারের সময় হঠাৎ করে পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। পরে আরো একটি বগিতে তার ছড়ায়। এখন পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, দুপুরে পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাছি স্থানে এই ঘটনা ঘটে। কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও রেলেরকর্মীরা আগুন নেভানোর কাজ করছে।
(একে/এসপি/জুন ১১, ২০২২)
