একাত্তর-পঁচাত্তরের ঘাতকরা আবারও আস্ফালন করছে
স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, ‘একাত্তর, পঁচাত্তর এবং ২০০১-২০০৬ সালে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তারাই আবার আস্ফালন শুরু করেছে। এদের মূলোৎপাটনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
রবিবার (১২ জুন) ‘শেখ হাসিনার কারামুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘এ বাংলাদেশ বহু শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ। তাদের রক্তে এ মাটি পবিত্র হয়েছে। পবিত্র এ মাটিতে ঘাতক ও ষড়যন্ত্রকারীর কোনো স্থান হতে পারে না। সব ষড়যন্ত্রকারী ঘাতককে এ পবিত্র মাটি থেকে সমূলে উৎখাত করার জন্য আওয়ামী যুবলীগসহ স্বাধীনতার পক্ষের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা যখন বিদেশে ছিলেন, তখনও সংগ্রাম করেছেন। সেই কৈশোর থেকেই নানা আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ছিলেন তিনি। ১৯৮১ সালে দেশে ফেরার পর আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। গণতন্ত্রকে নিষ্কণ্টক করতে বঙ্গবন্ধুকন্যা এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।’
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।
(ওএস/এএস/জুন ১৩, ২০২২)
