স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতিকে নেতৃত্বশূন্য করা এবং ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল।

শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে শনিবার (১৬ জুলাই) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে এ কথা বলেন সুজিত রায় নন্দী।

তিনি বলেন, বাংলাদেশে আজ যে উন্নয়নের জোয়ার দৃশ্যমান, শেখ হাসিনা কারাজীবনে সেই উন্নয়নের স্বপ্নবুনন করেছিলেন। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের মাধ্যমে সেদিন মূলত বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতিকে অবরুদ্ধ করার অপচেষ্টা চালানো হয়।

প্রার্থনা অনুষ্ঠানে মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক রমেন মন্ডলসহ অন্য নেতারা।

(ওএস/এএস/জুলাই ১৬, ২০২২)