কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে মায়ের উপর অভিমান করে বোয়ালমারী জর্জ একাডেমির ৮ম শ্রেণির মেধাবী ছাত্র দেব সাহা (১৪) চলে গেলো না ফেরার দেশে। ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে সে বেছে নিলো আত্মহত্যার পথ। 

জানা যায়, পৌর সদরের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী, মানসী বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী নরেন সাহার কণিষ্ঠ সন্তান দেব সাহা। মৃতের এক বোন এমবিবিএস পাস এবং অপর বোন উচ্চ মাধ্যমিক পাস করেছে। মেয়েদের মানুষ করার ব্যাপারে যথেষ্ট মনোযোগী হলেও দেব সাহাকে ঘিরেই ছিলো নরেন সাহার পরিবারের মূল স্বপ্ন। গত শনিবার ২৩ জুলাই সে স্বপ্নের অকাল মৃত্যু ঘটে।

বিকেলে পড়ালেখা নিয়ে দেবকে তার মা কটু কথা বলায় অতি আদরে বেড়ে ওঠা সন্তান সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে না পেরে অভিমান করে সন্ধ্যায় আত্মহত্যার পথ বেছে নেয়। নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস নেয়া অবস্থায় পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু ঘটেছে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম দেব সাহার আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় এবং তাদের দাবির প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

২৪ জুলাই রবিবার সকাল ১০টায় দেব সাহার মৃত্যুতে তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমি শোক সভার আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্লা জানান, জর্জ একাডেমি পরিবার একটা মেধাবী ছাত্রের অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের সাগরে ভাসছে। তিনি তার আত্মার শান্তি কামনা করেন।

(কেএফ/এসপি/জুলাই ২৪, ২০২২)