ফরিদপুরে ইউপি চেয়ারম্যান মজনুর শাস্তির দাবিতে মানববন্ধন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার ১নং ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইলৈাম মজনুর শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশান গোপালপুরে নির্যাতিত সর্বস্তরের জনগণের ব্যানারে আজ রবিবার দুপুর ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ঈশান গোপালপুরবাসীর স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান মোল্লা সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেখ জামাল উদ্দিন, উজ্জ্বল সরকার, মোহাম্মদ আলী, আনোয়ার খান, অলিউল্লা পাটোয়ারী, নুরুল আমিন রাব্বি মোল্লা, হারুন মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর বিভিন্ন কীর্তিকলাপ তুলে ধরেন। তারা বলেন, ঈশান গোপালপুরে মজনু ও তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীরা দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের উপর নির্যাতন করে আসছে। আমরা এর বিচার দাবি করি।
বক্তারা আরো বলেন, শহিদুল ইসলাম মজনু একজন চিহ্নিত ভূমিদস্যু, ডাকাত, মোটরসাইকেল ছিনতাইকারী, অবৈধ অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ , নারী লোভী ও হেলমেট বাহিনীর অন্যতম সদস্য। সরকারি রাস্তা অবৈধভাবে দখল, গাছ চুরি, ৪০ দিনের কর্মসূচির টাকা আত্মসাৎকারি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী এবং ফরিদপুর ৩ সদর আসনের সাংসদ এর এপিএস এইচ এম ফুয়াদ এর ব্যক্তিগত সহকারি শহিদুল ইসলাম মজনুর এ মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
উল্লেখ্য, শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুকে (৪৭) আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার সহযোগী সোহেল হোসেনকেও (৩৫) আটক করা হয়।
(এএনএইচ/এএস/জুলাই ২৪, ২০২২)
