মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পুরান বাজারে মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্তি মূল্যে ময়দা বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। মো: জাহাঙ্গীর আলম নামে এক ভোক্তার লিখিত অভিযোগে জরিমানার এই মাশুল গুনলো প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় ডাকা শুনানীকালে ওই ব্যবসা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় এ জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মো: জাহাঙ্গীর আলম শ্রৗমঙ্গল শহরের পুরান বাজারে অবস্থিত মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্স থেকে ময়দার বস্তার গাঁয়ের নির্ধারিত মূল্য ২ হাজার ৮শত ৫৪ টাকা লেখা থাকলেও তিনি ৩ হাজার ৭০ টাকা অতিরিক্ত দাম দিয়ে ময়দা ক্রয় করেন। এই অতিরিক্ত দামে ময়দা ক্রয় করার ফলে তাকে অতিরিক্ত দামে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রয় করতে হয়েছে। যার প্রভাব হোটেল থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের উপর পরে।

শুনানীতে মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্স এর কর্তৃপক্ষ উপস্থিত হয়ে অতিরিক্ত দামে ময়দা ক্রয়ের কথা বললেও কোন প্রমান দেখাতে পারেননি। ফলে শুনানীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানার টাকা প্রতিষ্টানের স্বত্তাধিকারী মো: শাহজাহান মিয়া তাৎক্ষণিক পরিশোধ করেন যার ২৫ শতাংশ অর্থাৎ ৭ হাজার ৫শত টাকা অভিযোগকারীকে আইন অনুযায়ী প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন, শুনানীকালে অভিযুক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে তাদের দায়বদ্ধতার জায়গায় আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিবেন মর্মে শুনানীতে আদেশ প্রদানকারী কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।

(একে/এসপি/জুলাই ২৬, ২০২২)