ফরিদপুরে পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে পিস্তল-গুলিসহ মোস্তফা শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ আগস্ট) সকালে জেলার কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২ আগস্ট) দিনগত রাতে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ একটি অবৈধ পিস্তল জব্দ করা হয়।গ্রেফতার মোস্তফা দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী এলাকার আব্দুস সালামের ছেলে বলে জানা যায়।
গত ৩০ জুলাই মোবাইলফোন নিয়ে তর্কের জের ধরে ফরিদপুরে বন্ধুর ছুরিকাঘাতে খুন হন মো. আকাশ (২০) নামে এক যুবক।এ খুনের সঙ্গে গ্রেফতার হওয়া মোস্তফার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
(ডিসি/এএস/আগস্ট ০৩, ২০২২)
