মৌলভীবাজারে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ইউপি আ’লীগের বিক্ষোভ
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিএনপি নেতৃতাধিন চারদলীয় জোট সরকারের শাষনামলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ দলীয় নেতাদের লক্ষ্য করে চালানো নৃশংস গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং জাতীয় শোক দিবস ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে মৌলভীবাজারে ইউনিয়ন আওয়ামীলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার (২১আগষ্ট) বিকাল ৪টার দিকে সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে মোকামবাজার এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি আওয়ামী লীগের সভাপতি সুরুক মিয়া, সাধারণ সম্পাদক জিলা মিয়া, ইউপি আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইউপি সদস্য ও ১২ নং গিয়াস নগর ইউপির প্যানেল চেয়ারম্যান কয়েছ আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেকলীগ সভাপতি মোঃ সামসুল ইসলাম ও স্থানীয় যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য কাশেম আলীসহ দলীয় নেতারা।
এসময় ২১ আগষ্ট গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন,খুনিরা আগষ্ট মাসকেই টার্গেট করে বার বার ভয়াবহ আঘাত হানে। তাঁরা আরো বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে যারাই গুজব রটাবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো শক্তিশালী করতে হবে।
এদিকে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার পৌর আওয়ামীলীগের আয়োজনে জেলা শহরেও আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দ জোহরাআলাউদ্দিন, পৌর মেয়র মো. ফজলুর রহমানসহ দলীয় নেতারা। দোয়া মাহফিল শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
(একে/এএস/আগস্ট ২১, ২০২২)
