মৌলভীবাজারে অনিয়ম ধরা পড়ায় তিনটি চালের দোকানকে জরিমানা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দেশে সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চাল, সবজিসহ নানা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম। এতে সিন্ডিকেট ব্যবসাযীদের হাতে অনেকটা জিম্মিদশা অবস্থা সাধারণ ক্রেতাদের। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিনই কম জনবল নিয়ে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সক্রিয় রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাল, তেল, সবজি ও অস্থির ডিমের বাজার নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির সক্রিয় অভিযানে মৌলভীবাজারের নানা হাটে ধরা পড়ছে অনিয়মের দৃশ্য।
সোমবার (২২ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার শহরের বেশ কয়েকটি চালের পাইকারী দোকানে চালানো অভিযানে পাকা ভাউচার সংরক্ষন না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি চালের পাইকারী দোকানকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠান গুলো হলো পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স হায়দার এন্টারপ্রাইজ,মনির উদ্দিন চাউলের আড়ৎ ও কুদরত উল্ল্যা সড়কের মেসার্স ঈসা ট্রেডার্স।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় চলা অভিযানে এসময় পাইকারি ব্যবসায়ীদের পাকা ক্রয় ভাউচার এবং বিক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও পরদিন মঙ্গলবার সকালে চাউলের পাইকারি ব্যবসায়ীদের কাগজপত্র নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে উপস্থিত হতে ডাকা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান,মূলত চাল ব্যবসায়ীরা মিল মালিক থেকে পাওয়া পাকা ভাউচার দেখাতে ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়েছে। তিনি বলেন,সারা দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে ভোক্তার অধিকারের অভিযানের ফলে সিন্ডিকেট এখন অনেকটাই ভেঙ্গে গেছে। ডিমের বাজারও নিয়ন্ত্রণে আছে,পাওয়া যাচ্ছে আগের দামে ডিম।
(একে/এএস/আগস্ট ২২, ২০২২)
