বোয়ালমারীতে ৩০ টাকা কেজির চাল বিক্রি শুরু
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে হতদরিদ্র জনসাধারণের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩০ টাকা দরের আাল বিক্রি শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিজাউল হক, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তোজাম্মেল হোসেন, ট্যাগ অফিসার ফরিদা ইয়াসমিন, উপ খাদ্য পরিদর্শক মোঃ ফারুক হোসেন প্রমুখ।
৩০ টাকা কেজি দরের চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে মো. রেজাউল করিম বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের একটি মানুষকেও না খেয়ে মরতে দেবেননা। মাননীয় প্রধানমন্ত্রীর শপথ, তিনি এদেশের একজন নাগরিককেও একবেলা না খেয়ে থাকতে দেবেননা। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল।
বোয়ালমারী পৌর সদরে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বিক্রি করা হবে ৪ টি স্থানে। ওই চারটি স্থানের চারজন ডিলার হলেন- পৌর শহরের ডাকবাংলো রোডে মো. মোশাররফ হোসেন চৌধুরী, জর্জ একাডেমি সংলগ্ন স্থানে মো. রবিউল ইসলাম খান, বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন আনোয়ারা মডেল একাডেমিতে মতিন মৃধা এবং উপজেলা পরিষদ চত্বরে শিমুল দাস। সপ্তাহে ৫দিন এই চাউল বিক্রি করা হবে। প্রত্যেক ডিলার প্রতিদিন ২ মেট্রিক টন চাউল বরাদ্দ পাবে।
(কেএফ/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২২)
