বোয়ালমারীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : সম্প্রতিক সময়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অন্য যে কোন সময়ের তুলনায় মাদক কারবারিদের তৎপরতা বেশি চোখে পড়ছে। প্রায়ই দুচারজন মাদক কারবারি আটক হচ্ছে কিন্তু তাতে করে মাদক কারবারিরা সংযত হচ্ছেনা। উপজেলার শহরতলী গুনবহা, রায়পুর, ছোলনা সহ আশপাশের গ্রামগুলো এখন মাদকের স্বর্গরাজ্য। লোকালয়ে বসে প্রকাশ্যে মাদক ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকার মাদকসেবিরা মোটরসাইকেল যোগে দলবদ্ধভাবে এসে ক্রয় করে কেউ রাস্তায় দাড়িয়ে প্রকাশ্যে মাদক সেবন করে, আবার কেউ কেউ ক্রয় করে নিয়ে নিজ এলাকায় চলে যায়। মাদক ব্যবসায়ের শহরতলীর অভয়ারণ্য গুলোতে রাতদিন চব্বিশ ঘণ্টা ব্যবসা চলে। এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুদের সামনে মাদকসেবিরা মাদক সেবন করে। শিশুমনে প্রশ্ন জাগে এরা কী খায় ? এলাকাবাসি ভয়ে মুখ খুলতে পারেনা। প্রকাশ্যে মাদক ব্যবসা চললেও এদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয়না। কালেভদ্রে যে দুচারজন আটক হয় তারা হয় মাদকসেবি না হয় মাধ্যম। রাঘব-বোয়ালরা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থাকে।
গতকাল ৪ সেপ্টেম্বর রবিবার উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকিরপাড়া গ্রামের মুন্নু ফকিরের বাড়ির সামনে থেকে বিকেলে ১২শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলেন- রাব্বি ফকির (১৯) এবং মো. রবিউল ইসলাম রবীন (২৯)। রাব্বি ফকির উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকিরপাড়া গ্রামের মো. মুন্নু ফকিরের ছেলে এবং রবিউল বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামের মো. বাবুল কাজীর ছেলে। এ ঘটনায় ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বোয়ালমারী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল দিচ্ছিলেন ফরিদপুর র্যাব-৮ এর একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর র্যাব-৮ এর ডিএডি মো. আবুল বাশারের নেতৃত্বে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকিরপাড়া গ্রামের মুন্নু ফকিরের বসতবাড়ির সামনে থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা রাব্বি ফকিরের নিকট থেকে ৮শ এবং রবিউল ইসলামের নিকট থেকে ৪শ ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় ফরিদপুর র্যাব-৮ এর ডিএডি মো. আবুল বাশার বাদি হয়ে রবিবার রাত ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
(কেএফ/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২২)
