গোপালগঞ্জে ফোনে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে গভীর রাতে মোবাইলে ডেকে নিয়ে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সমানের সড়কের উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মেহেদী হাসান সাগর গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহাদাত হোসেন মোল্লার ছেলে। মেহেদী হাসান ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। ৬ মাস আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। তারপর তিনি বিভিন্ন বিবদে জড়িয়ে পড়েন বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আসাদুজ্জামান টিটো জানান, আজ বুধবার ভোরে সড়কের উপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।পরে ৯৯৯ লাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো বলেন, নিহতের গলাকাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহৃ রয়েছে।কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে মেহেদী হাসান সাগরের মোবাইল ফোনে একটি ফোন আসে।এরপর সে রাত ১টার দিকে বাড়ী থেকে বের হলে আর ফিরে আসনি।
(টিকেবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)
