তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আগুনে পুড়ে মুকুল শেখ(৩৫) নামে ঘুমন্ত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।এসময় তার টিনের তৈরী বসত ঘরটি সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। সেই সাথে তার ১টি গরুও দগ্ধ হয়ে মারাগেছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের আক্তার আলী শেখের ছেলে।

গতকাল শুক্রবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু, ততক্ষনে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা বাড়ির মালিক মুকুল শেখ আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন। এসময় ঘরের একপাশে থাকা ১টি গরুও পুড়ে মারা যায়।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরো জানান, ওই ব্যক্তি প্রচুর পরিমানে ধুমপান করতেন। ফেলে দেয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তারা প্রথমিকভাবে ধারনা করছেন। তারা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।নিহত ওই ব্যক্তি একাই ওই ঘরে থাকতেন বলে তিনি জানান।

(টিকেবি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৩)