গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় রোলার চালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় বিভূতি ঢালী (৩৫) নামে এক রোলার চালক নিহত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বিভূতি ঢালী গোপালগঞ্জ শহরের বেদগ্রামের মৃত মণীন্দ্র চন্দ্র ঢালীর ছেলে।
ওসি মোঃ শরিফুল ইসলাম খান জানান, গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সড়ক ঠিক করার জন্য রোলার নিয়ে গোপালগঞ্জ শহর থেকে কাশিয়ানী উপজেলার ফুকরা যাচ্ছিলেন বিভূতি। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার রোলারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় রোলার থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে মারাত্মক আহত হন বিভূতি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিভূতিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মারাত্মক আহত প্রাইভেটকারের ৩ যাত্রীকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
(টিকেবি/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৩)
