তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ৭ টি দেশের ৮ জন সামরিক প্রতিনিধি।

আজ রবিবার দুপুরে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে ৭ দেশের সামরিক প্রতিনিধিগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে সমরিক কায়দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের প্রতি সমরিক দলের প্রতিনিধিরা স্যালুট জানান।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এসময় ৭ দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্য অস্ট্রেলিয়ার লেঃ কর্নেল ডেমসি চেরিল সিনক্লেয়ার, ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমিত সিং সাবারওয়াল, স্কোয়াডন লিডার অভিতোষ শর্মা, মায়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ৭ দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্যদের স্ত্রী ও সন্তানরা পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধেরবেদীতে শ্রদ্ধা জানান। পরে তারাও বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করেন।

ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক ৭ দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্যদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লক্স ঘুরে ঘুরে দেখান।

সামরিক প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদুল হক সাংবাদিকদের কাছে বলেন, বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের নিয়ে আজ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সমাধি সৌধ পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন পরিদর্শনে যাবেন বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে দুপুর সাড়ে ১২ টায় ৭ টি দেশের ৮ জন সামরিক প্রতিনিধি টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধে পৌঁছালে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির তাদের স্বাগত জানান।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৩)