গোপালগঞ্জে মাদক মামলায যুবকের যাবজ্জীবন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাদক মালায় সুজন বিশ্বাস (২৭) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে ওই যুবককে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ওই আদালত। এ মামলার অপর আসামী মোঃ শামীম হোসেন বাশিয়াকে (৩১) বেখসুর খালাস প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় ওই দু’ আসামী আদালতে অনুপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এই আদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত সুজন বিশ্বাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পারখিদ্দা গ্রামের মোঃ মোশারফ বিশ্বাসের ছেলে। আর বেখসুর খালাস প্রাপ্ত মোঃ শামীম হোসেন বাশিয়া একই জেলা ও উপজেলার সোনালীডাঙ্গা মাঠপাড়া গ্রামের মোঃ আবুল কাশেম বাশিয়ার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, গায়ে দেওয়া কটির মধ্যে বিশেষ কায়দায় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ৪৫ বোতল ফেনসিডিল বহনের সময় বিগত ২০১৫ সালের ২৭ নভেম্বর বিকেলে কাশিয়ানী থানা পুলিশ সুজন বিশ্বাসকে গ্রেফতার করে। এসময় তার সহযোগি শামীম পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ সুজনের দেহ তল্লাশী করে কোটির মধ্যে থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ওই দিন ২ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি মাদক মামলা দায়ের করে। জিজ্ঞাসাবাদে সুজন ঝিনাইদাহ থেকে ফেনিসিডিল নিয়ে ঢাকায় বিক্রি করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। দীর্ঘ তদন্ত শেষে কাশিয়ানী থানার এসআই ফয়সাল আহমেদ ওই ২ আসামীর বিরুদ্ধে বিগত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতে বিচার শুরুর পর থেকে দু’ আসামী পলাতক ছিল। স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে বিজ্ঞ বিচারক সুজন বিশ্বাসকে অভিযুক্ত করে উপরোক্ত রায় ঘোষনা করেন। শামীমের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে বেখসুর খালাস প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করে এপিপি মোঃ শহীদুজ্জামান খান। আসামীরা পলাতক থাকায় তাদের পক্ষে কোন আইনজিবি ছিলেন না।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৩)
