বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর  উপজেলা সদরে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বিরোধীতাকারী মানুষের কঙ্কালের সন্ধান মিলেছে। দেহের হাড়গোড় মাথার খুলি দাঁত সহ ২টি  কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ভিতরে পুরাতন হলরুমের পূর্ব প্রান্তে কৃষি অফিসের স্টোর রুম নির্মাণ কাজ চলাকালীন সময়ে শ্রমিকরা মাটি কাটার সময় মানুষের হাড়গোড় কঙ্কাল দেখতে পান এবং মাথার খুলি দাঁত হাড়গোর সহ উদ্ধার করেন। ওই স্থানের মাটি খুঁচলে আরও কঙ্কাল পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কঙ্কাল দেখতে উৎসুক জনতা ভিড় করতে দেখা গেছে। ১৯৭১ এর স্বাধীনতাযুদ্ধে মহম্মদপুর উপজেলা পরিষদের পুরাতন হলরুমের এক সময় টিটি ডিসি ভবনের ছাদে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের ক্যাম্প ছিলো। ১৯৭১ সনে নভেম্বরের ১৯ তারিখ সর্বকালের শ্রেষ্ঠ বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে স্বাধীনতার বিরোধীতাকারীদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে কয়েকজন শহীদ হন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া জানান, এই কঙ্কালগুলো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারীদের বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা রামানন্দ পাল জানান, কঙ্কাল এর খন্ডিত অংশের কথা শুনেছি। বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানতে পেরেছি তৎকালীন সময়ে ওখানে রাজাকারদের ক্যাম্প ছিল। উর্দ্ধতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হবে।

(বিএস/এসপি/এপ্রিল ০৪, ২০২৩)