গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে কেয়ারটেকার আহাদ আলী (৪৫)  নিহত হয়েছেন।

এ ঘটনায় বাড়ীর মালিক লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেন (৬৫) কে কুপিয়ে আহত করেছে ডাকাত দল। আহত শেখ মুরাদ হোসেনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের সব ক’টি শাখা তদন্ত কাজ শুরু করেছে।

আজ রবিবার ভোর রাতে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আহাদ আলী ওই বাড়ীতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার বাড়ী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

আহত প্রবাসী শেখ মুরাদ হোসেন জানান, আজ রোববার ভোর রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল তার বাড়িতে ডাকাতি করতে যায়। ডাকাত দলের সদস্যরা বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্নালংকার ও ল্যাপটপ নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ডাকাত দলের সদস্যদের বাধা দিতে গেলে তাকে ও কেয়ারটেকার আহাদ আলীকে ছুরিকাঘাত করে তারা।এ ঘটনায় কেয়ারটেকার আহাদ আলী ঘটনা স্থলে মারা যায়।খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, বাড়ির মালিক লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেন কেয়ারটেকারকে নিয়ে বাড়িতে থাকতেন।মুরাদ হোসেন প্যারালাইসিসে আক্রান্ত। গত ৩ মাস ধরে তিনি বাড়ীতে অবস্থান করছেন।বাড়ীর গরুর খামার ও অসুস্থ মালিককে কেয়ারটেকার আহাদ আলী দেখা শোনা করতেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানিয়েছেন, এ ঘটনাকে পুলিশ প্রাথমিকভাবে ডাকাতি হিসেবে দেখছে। ইতিমধ্যেই সেভাবেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তু শুরু করেছেন পুলিশ।

(টিবি/এসপি/এপ্রিল ০৯, ২০২৩)