আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড হিসেবে ১ লাখ ৪০ হাজার টাকা আদায় করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বাড়ৈখালী ও হাঁসাড়া ইউনিয়নের আলমপুর আড়িয়াল বিল এলাকার মদনখালী খালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক।

জানা যায়, অবৈধভাবে ফসলী জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে মাটি সিন্ডিকেট চক্রের অন্যতম সদস্য ও স্ক্যাভেটর মেশিনের (ভেক্যু) মালিক জাকির হোসেনসহ এ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। এ সময় শ্রীনগর থানা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (মো.) আবু বকর সিদ্দিক জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে ৪টি মামলায় মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা আদায় করা হয়। বরাবরের মতো উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(এএম/এসপি/এপ্রিল ১২, ২০২৩)