বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি এ দিবসের আয়োজন করে।

আজ শুক্রবার সকালে মাগুরা জজ আদালত চত্বরে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর । শুক্রবার সকালে জজ আদালত থেকে একটি বর্ণাঢ্য, র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা দায়রা জজ অমিত কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মো. মশিউদ্দৌলা রেজা ( পিপিএম বার) পুলিশ সুপার মাগুরা, জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম বাবলু।

এ সময় বক্তব্য রাখেন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. হুমায়ন কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়রা জজ এম জাহিদ হাসান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ সাজেদুর রহমান সংগ্রাম প্রমূখ।

সব শেষে সেরা প্যানেল আইনজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এবছর জাতীয় আইনগত সহায়তা দিবস এবং দিনব্যাপী লিগ্যাল এইড মেলায় জেলা জজ আদালত চত্বরে ৫টি স্টল অংশ নিয়েছে বলে জানা গেছে।

(বিএস/এসপি/এপ্রিল ২৮, ২০২৩)