মাগুরার শ্রীপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার শ্রীপুরে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে এবং একজন আহত হয়। গতকাল বুধবার বিকালে উপজেলার চরচৌগাছী মাঠে জমিতে কৃষি কাজ করার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, নিজাম শেখ (৬০), মোহাম্মদ আলী (৫০) ও শাহাদাত আলী ( ৬০) এদের দু'জনের বাড়ী শ্রীপুর এর চর চৌগাছী অন্য জনের বাড়ী রাজবাড়ী জেলার শোলাবাড়ীয়া গ্রামে।
জানা গেছে, ঘটনার দিন চর চৌগাছী মাঠে নজরুল বিশ্বাস এর কৃষি জমিতে কাজ করার সময় বিকালে হঠাৎ আকাশে মেঘ করে ঝড়বৃষ্টি শুরু হলে তারা পাশে একটি তাল গাছএর নিচেয় গিয়ে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহাদাৎ আলীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত চর চৌগাছী গ্রামের মৃত জুলমত শেখের ছেলে নিজাম ও রাজবাড়ী জেলার সোলাবাড়ীয়া গ্রামের আজমত আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা দেন। আহত নজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শ্যামানন্দ কুন্ডু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কোহিনুর জাহান সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
(বিএস/এসপি/মে ১১, ২০২৩)
