তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বটির কোপে পিতা ইসমাইল কাজী (৫৮)মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এই নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত ইসমাইল কাজী মানিকদাহ কাজীর বাজার এলাকার তাইজেল কাজীর ছেলে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাদকাসক্ত ছেলে আলীম কাজীকে(২৫) আটক করেছে।

পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত ইসমাইল কাজীর বড় ছেলে সেলিম কাজী জানিয়েছেন, আমার মেঝ ভাই আলীম কাজী (২৫) মাদকাসক্ত ছিলো। প্রতিদিনই আমার মেঝ ভাই মাদক সেবনের টাকার জন্য আমার বাবার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। আজ শনিবার সকালে সে বাবার কাছে মাদক সেবনের টাকা দাবি করে। বাবা টাকা দেবে না বলে তাকে জানিয়ে দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আলিম বটি দিয়ে আমার বাবার পিছন থেকে ঘাড়ে কোপ দেয়। এতে বাবার দেহ থেকে মাথা কেটে ঝুলে পড়ে। পরে আমরা তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম বলেন, আলীম কাজী সারাক্ষণ নেশা করতো। তাকে এই পথ থেকে ফেরানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোন লাভ হয়নি। আজ শনিবার মাদক সেবনের টাকা না পেয়ে পিতাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি এই হত্যাকান্ডের বিচার চাই। অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত আলীম কাজীকে আটক করা হয়েছে।লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক সেবনের টাকা না পেয়ে মাদকাসক্ত ওই যুবক পিতাকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানাগছে। এ ব্যাপারে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(টিবি/এসপি/মে ১৩, ২০২৩)