কোটালীপাড়ায় ১৫০ জন কৃষক পেলেন ধান বীজ ও কৃষি যন্ত্রপাতি
গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৫০ জন কৃষক বিনামূল্যে পেলেন কৃষি যন্ত্রপাতি, ধান বীজ।
আজ বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া পৌরসভা মিলনায়তনে কোটালীপাড়া উপজেলা কৃষকলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।
কোটালীপাড়া কৃষকলীগের সভাপতি মুন্সী মাহফুজ হাসানাত কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস ও কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা।
এসময় গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি ইনছান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খালিদ, মহিলা সম্পাদিকা রাফেজা রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ১৫০ জন কৃষকের মাঝে ৪ টি সেচ পাম্প, ৩০টি জমি নিড়ানি মেশিন, ১৬ টি স্প্রে মেশিন ও ২০০ কেজি হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মনোজাত করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।
(টিবি/এসপি/মে ১৮, ২০২৩)
