মহম্মদপুরে প্রকৌশলীর অপসারণের দাবীতে মানববন্ধন
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় সাধারণ জনতা।
উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসাইনের অপসারণের দাবীতে মানববন্ধন করেছেন তাঁরা। মঙ্গলবার বিকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ভবানীপুর জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ভবানীপুর জামে মসজিদ হতে নারিকেলবাড়ীয়া রাস্তাটিতে সম্প্রতি সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। সংস্কার চলা কালে নিম্নমানের উপকরণ ব্যবহার করে রাস্তাটি সংস্কার কাজ করতে ঠিকাদার। স্থানীয় জনতা কাজে বাধা দেয়। কিছুদিন কাজ বন্ধ থাকলেও শনিবার রাতের আধাঁরে ফের নিম্নমানের উপকরণ দিয়ে তড়িঘড়ি করে কাজ শেষ করে স্থান ত্যাগ করে ঠিকাদার ও তার লোকজন। সকালে স্থানীয়রা চলাচলের সময় সদ্য করা রাস্তার পীচ উঠে যাওয়া দেখতে পেয়ে অন্যান্যদের অবহিত করলে তারা তাৎক্ষনিক বিষয়টি সাংবাদিকদের অবহিত করে এবং নিম্নমানের উপকরণ দিয়ে সংস্কার করা রাস্তার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এ বিষয়ে কয় একটি দৈনিক পত্রিকায় সংবাদটি ছাপা হয়। ঠিকাদারকে কারচুপি থেকে রক্ষা করতে উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসাইন ৭নং পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাান সৈয়দ সিকান্দার আলীর বিরুদ্ধে মহম্মদপুর থানায় একটি অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে ভবানীপুর গ্রামবাসী ও স্থানীয় সাধারণ জনতা একটি মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ, মোঃ ইলিয়াস হোসাইন মাস্টার, সাবেক সেনা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য ইউনুস বিশ্বাস, লায়েক মোল্যা, বাহাউদ্দিন, রাজু মিয়া প্রমূখ বক্তব্য দেন। নিম্নমানের উপকরণ তৈরি রাস্তাটি পূনরায় করতে হবে, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন কে দ্রুত অপসারণ করতে হবে, ইউপি চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ নিঃস্বার্থে প্রত্যাহার করতে হবে। এছাড়াও রাস্তাটির পীচ কার্পেটিং কাজের মান তদন্ত করে সঠিক মানের রাস্তা নির্মাণ করার দাবী করেন।
মহম্মদপুরে প্রকৌশলীর অপসারণ চেয়ে মানববন্ধন করেন মাগুরার মহম্মদপুর উপজেলা পলাশবাড়ীয়া ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের সাধারণ জনতা।
(বিএস/এসপি/জুন ২০, ২০২৩)
