‘নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নাই’
গোপালগঞ্জ প্রতিনিধি : সরকার পরিবর্তনের একটাই মাত্র পথ সেটা হলো নির্বাচন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী শেখ আবুল কালাম।
আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে আম প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা শুরু করে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
এনপিপি প্রার্থী আবুল কালাম বলেন, যারা নির্বাচনে আসে নাই তারা অবশ্যই ভুল করেছে। কারণ সরকার পরিবর্তনের একটাই মাত্র পথ সেটা হলো নির্বাচন।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, আসলে পরীক্ষা না দিলে বোঝা যায় না যে কার পক্ষে কত জনগণ রয়েছে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসে নাই, ২০১৮ সালে এসেছে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি। তাদের যে জনসমর্থন আছে সেটা যাচাই হয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। তাদের অধিকার আছে নির্বাচনে না আসার, কিন্তু নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নাই।
তিনি আরও বলেন, আমরা বিগত দিনে নির্বাচন কমিশনারের সঙ্গে বসেছি, যাতে এ দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি তাতে আশা করি দ্বাদশ নির্বাচন সুষ্ঠু হবে। এদেশের জনগণ তাদের মতামত সুন্দর ভাবে ব্যক্ত করবে।
এরআগে কর্মী সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় প্রচার প্রচারণা শুরু করেন এনপিপি পার্টির প্রার্থী শেখ আবুল কালাম। প্রচার প্রচারণার অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়া জনগণকে সতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে আম প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
(টিবি/এসপি/ডিসেম্বর ২১, ২০২৩)
