‘এবারের নির্বাচন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে জনগণের সংগ্রাম’
গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, নির্বাচন তার নিজস্ব গতিতে হবে। আগামী ৭ জানুয়ারী ইনশাল্লাহ নির্বাচন হবে। এবারের নির্বাচন হলো স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের জনগণের সংগ্রাম। বিএনপি’র কথা মতো গণতন্ত্র চলবে না। আর বিএনপি যদি নির্বাচন প্রতিহত করার নামে সন্ত্রাস, নৈরাজ্য,গাড়ীতে অগ্নিসংযোগ, মানুষ ও পুলিশ হত্যা করে,জনগণ তাদেরকে প্রতিহত করবে। সংবিধানে পরিস্কারভাবে উল্লেখ আছে অনির্বাচিত কোন সরকার থাকতে পারবে না। সংবিধান অনুযায়ি বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই হলো গণতন্ত্র। জনগণের শক্তিই বড় শক্তি। অস্ত্রের শক্তি বড় শক্তি নয়। ওদের রাজনীতি হল মানুষ মারার রাজনীতি।আমরা হত্যার রাজনীতি করবো না। জনগণ আমাদের ভোট দিয়ে এমন অবস্থা করে দেব, বিএনপি নামের রাজনৈতিক দল মাওলানা ভাসানীর দলের পরিনতি বরণ করবে।
বৃহস্পতিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা মোল্লা পাড়া মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম. সুপারুল আলম টিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, কেন্দ্রীয় যুব লীগের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ফজলে নাঈম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক সিকদার আবু সিদ্দিক,জালালাবাদ ইউপি চেয়ারম্যান এস,এম,মারুফ রেজ প্রমুখ।
শেখ ফজলুল করিম সেলিম আজ বড়ফা মোল্লা পাড়া মাঠে জনসভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দুপুর থেকেই এ জনসভায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে বিভিন্ন বয়সের মানুষ মিছিল সহকারে আসতে শুরু করেন। জনসভা শুরু আগেই হাজার-হাজার মানুষের আগমনে জনসভা স্থলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
(এমএস/এএস/ডিসেম্বর ২১, ২০২৩)
