৩০ ডিসেম্বর টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জ প্রতিনিধি : ৩০ ডিসেম্বর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জনসভায় ২টিতে যোগ দিয়ে নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া কোটালীপাড়ায় সাজসাজ রব বিরাজ করছে। নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার টানানো হয়েছে। নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদ্বন্দিতা করছেন। এ উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি সকালে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারী শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ও দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন।
টু্ঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ বলেন, ৩০ ডিসেম্বর সকালে টুঙ্গিপাড়া সরকারী শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় ভাষন দেবেন। জনসভা স্থলে মঞ্চ তৈরীসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আমরা ধারণা করছি। এ সফরে ঘরের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখেতে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে।
কোটালীপাড়া উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বর দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ইতমধ্যে আমরা প্রস্তুতি সভা করেছি। জনসভা স্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কোটালীপাড়া নবরূপে সেজেছে। নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটালীপাড়াবাসী।
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, প্রধামন্ত্রী শেখ হসিনা বরিশালের জনসভা করবেন ২৯ ডিসেম্বর। তিনি ওই দিন জনসভা শেষে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসবেন। ২৯ ডিসেম্বর নিজ বাড়িতে রাত কাটাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৬ সাল থেকে নির্বাচন করছেন। তিনি এ পর্যন্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসন থেকে ভোট করছেন।
(টিবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৩)
