গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। 

আজ শনিবার সকাল থেকেই টুঙ্গিপাড়া সহ আশেপাশের এলাকা থেকে মিছিলসহ নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন। সকাল সোয়া নয়টার মধ্যেই জনসভায়স্থল লোকারণ্যে পরিণত হয়।

আওয়ামী লীগ নেতাকর্মী সূত্রে জানা যায়, বেলা ১১ টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় যোগ দেবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার আদলে সাজানো মঞ্চে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সভাস্থল। এদিকে মঞ্চে চলছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য। ঘরের মেয়ে শেখ হাসিনাকে একটি পলক দেখতে ভিড় করেছে লাখো মানুষ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে বরিশালের জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নিজ বাড়িতে অবস্থান করেন তিনি। আজ টুঙ্গিপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী দুপুরে কোটালীপাড়ার জনসভায় যোগ দেবেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)